বছরজুড়ে শ্রেণিপাঠ নিতে খোলা হবে স্বতন্ত্র্য ‘টিভি চ্যানেল’

১৭ জুন, ২০২১ ১৮:১২  
স্কুলের মতো বছরজুড়ে শ্রেণিপাঠ দেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট ‘টেলিভিশন চ্যানেল’ চালু করার কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারের প্রশ্নের উত্তরে এ পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেছেন, “সারা বছরই যাতে শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসে অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটি ডেডিকেটেড চ্যানেল চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।” তিনি আরো জানিয়েছেন, করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক ফিরিয়ে আনার জন্য শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০ হাজার ৪৯৯টি স্কুলের মধ্যে ১৫ হাজার ৬৭৬টি এবং চার হাজার ২৩৮টি কলেজের মধ্যে ৭০০টি কলেজে অনলাইন ক্লাস চালু করেছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে।